এশিয়ান গেমসে খুব কাছে গিয়েও পদক পুনরুদ্ধারের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। চাইনিজ তাইপেকে হারালেও জাপানের কাছে হেরে সব শেষ। তবে নতুন করে শুরু করতে চাইছে দেশের কাবাডি ফেডারেশন। এবার তাদের লক্ষ্য কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে পদক জেতা। ২১-৩০ অক্টোবর ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ১৪ দেশের এ টুর্নামেন্টটি। নারী ও পুরুষ দুই বিভাগের এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ।
এক সময়কার ব্রিটিশ কলোনিভুক্ত থাকা দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে ভারত। এ আসরের পুরুষ বিভাগে অংশ নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ভারত, কেনিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও ইংল্যান্ড। তবে নারী দলে সব দেশ অংশ নেবে না।
পদকের লক্ষ্য থাকলেও অনুশীলনের খুব একটা সময় পাচ্ছে না বাংলাদেশ। ১০ অক্টোবর থেকে ক্যাম্প শুরু হয়েছে। ১৯ অক্টোবর রওনা হবে দুই দল। স্বল্প সময়ের প্রস্তুতিতেও পদক জয়ের লক্ষ্য নিয়ে আহমেদাবাদে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার জানিয়েছেন, আগের কমিটির পাঠানো লং লিস্ট থেকে খেলোয়াড় বাছাই করে শর্ট লিস্ট করা হয়েছে। মে মাসের প্রশিক্ষণ ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্য থেকেই চূড়ান্ত দল নির্বাচন করা হবে। ইসরাইল হাওলাদার বলেন, ‘ক্যাম্প ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগের কমিটি লং লিস্ট পাঠিয়েছিল। সেখান থেকে আমরা শর্ট লিস্ট করেছি। মে মাসে যারা প্রশিক্ষণে ছিল, তাদের মধ্য থেকেই খেলোয়াড় নেওয়া হবে। সময়ও খুব কম।’ নারী দলের পদকের সম্ভাবনা নিয়ে আশাবাদী ইসরাইল। তার মতে, অংশগ্রহণকারী সব দেশের নারী কাবাডি দল না থাকায় বাংলাদেশের মেয়েদের সামনে ভালো সুযোগ রয়েছে। তবে পুরুষ দলকে পদকের জন্য কঠিন লড়াই করতে হবে।