ঢাকার ১০০ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার ৩৯৩ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী এবং বিভিন্ন আন্তর্জাতিক ট্রানজিট রুটের ১০০টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের যাত্রা বাতিল ও স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর দেশটির বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক রুটের ট্রানজিট ফ্লাইটও বিঘ্নের মুখে পড়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ৪১টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের সাতটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, সালাম এয়ারের সাতটি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।

এ পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় সাময়িক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের দুটি এয়ারলাইনস। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রেখেছে। অন্যদিকে, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে।

ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রীদের যাত্রাসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।