জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে খোয়া যাওয়া রাজশাহী বিভাগের ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার হয়েছে। জানা গেছে, গতকাল রাতে ও আজ লাগেজগুলো উদ্ধার করে সংস্লিষ্ট থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো সংশ্লিষ্ট ক্রিকেটারদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
রাজশাহী বিভাগীয় দলের ম্যানেজার তৌহিদ খান জানান, লাগেজগুলো ফিরে পেলেও নগদ অর্থসহ ভেতরে থাকা বেশকিছু মালামাল পাওয়া যায়নি। এই মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান ড্রাইভারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে লাগেজ হারানোর ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেছিলেন দলের ক্রিকেটার এসএম মেহেরাব হোসেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ শুরু করে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী ফেরেন ক্রিকেটাররা। এর আগে বিসিবির একটি কাভার্ডভ্যানে দলের ৫৪টি লাগেজ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিলেন চালক সজীব হোসেন। পরে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজের হদিস পাওয়া যায়নি
খোয়া যাওয়া লাগেজগুলোর মধ্যে ক্রিকেটারদের পাসপোর্ট, আইফোন, মার্কিন ডলার, নগদ টাকা, পারফিউম, জুতা, পোশাক ও বিভিন্ন ক্রীড়াসামগ্রী ছিল। অভিযোগের পর পুলিশ কাভার্ডভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করে। চালক জানিয়েছিলেন, রাজশাহী আসার পথে পুঠিয়ার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামিয়ে তিনি কাভার্ডভ্যানের পেছনের দরজা খোলা দেখতে পান।
লাগেজ হারানোর ঘটনায় দলের ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত জিনিসপত্র ও ক্রীড়াসামগ্রী হারিয়ে বিপাকে পড়েছিলেন খেলোয়াড়েরা।