জিতেই শিরোপা হাতে তুলেছে খুলনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে রংপুর বিভাগের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল খুলনার বিভাগের সামনে। তবে ড্রয়ের নিরাপদ সমীকরণে আটকে থাকেনি দলটি। আজ সপ্তাহ ও শেষ রাউন্ডের শেষ দিনে ২০৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে রংপুরকে ৯ উইকেটে হারিয়েই শিরোপা উৎসবে মেতেছেন মোহাম্মদ মিঠুনরা। এই জয়ে ঢাকাকে টপকে এনসিএল ইতিহাসে রেকর্ড অষ্টম শিরোপা ঘরে তুলেছে খুলনা।

শিরোপার লড়াইয়ে নিজেদের কাজ আগেই এগিয়ে রেখেছিল সিলেট। গতকাল বরিশালের বিপক্ষে ইনিংস ও ৩৮ রানের বড় জয় তুলে নিয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল তারা। এরপর সিলেটের অপেক্ষা ছিল খুলনা-রংপুর ম্যাচের ফলের। খুলনা হারলেই চ্যাম্পিয়ন হতো সিলেট। অন্যদিকে, জয় কিংবা ড্র পেলেই শিরোপা নিশ্চিত ছিল খুলনার।

এমন সমীকরণ সামনে রেখে মাঠে নামে খুলনা। তবে ম্যাচের শুরুটা তাদের জন্য খুব একটা স্বস্তির ছিল না। প্রথম ইনিংসে রংপুর ৩৩৮ রান সংগ্রহ করে। পরে খুলনার ইনিংস থামে ৩২২ রানে। দলের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নুরুল হাসান সোহান। তার ব্যাট থেকে আসে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস।

১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রংপুর। দ্বিতীয় ইনিংসে সফর আলীর ৫ উইকেট ও মেহেদী হাসান রানার ৪ উইকেটের তোপে ১৮৪ রান অলআউট হয় তারা। তাতে খুলনার সামনে জয়ের পাশাপাশি শিরোপা নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত শিরোপার সমীকরণ নিজেদের পক্ষেই রেখেছে দলটি।

এনামুল হক বিজয়ের ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংসের পর আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৭৮ ও কালাম সিদ্দিকীর অপরাজিত ৩৬ রানের সৌজন্যে ৪০ ওভার ৪ বলে ২০৩ রানের লক্ষ্য টপকে যায় খুলনা। এতে ৩৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই শিরোপা খুলনার জন্য বিশেষ এক অর্জন। জাতীয় ক্রিকেট লিগে এটি তাদের অষ্টম শিরোপা। এর আগে সাতটি শিরোপা নিয়ে ঢাকার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী ছিল তারা। এবার অষ্টম শিরোপা জিতে এককভাবে রেকর্ড নিজেদের করে নিল দলটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত