দুর্নীতির মামলা

পিএসসির সেই গাড়িচালকের ছেলের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত প্রশ্নফাঁসকাণ্ডে অভিযুক্ত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি.এম. তারিকুল কবীর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। আদালত তার রায়ে সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। দণ্ডিত সিয়াম কারাগারে আটক রয়েছেন।  

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আবেদ আলীর ছেলে  সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়। তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। চলতি বছরের ১৭ জুন আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।