সম্পদের তথ্য গোপনের মামলায় একজনের কারাদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ছাবেরুল ইসলাম নামে এক আসামিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত। 

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে তিনি এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত ছাবেরুল ইসলাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। 

দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, ‘অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত  হওয়ায় আসামি ছাবেরুল ইসলামকে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন। 

দুদক জানায়,  ছাবেরুল ইসলামের মোট অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ৯০ লাখ ১১ হাজার ২৩১ টাকা। এর সঙ্গে পারিবারিক ও অন্যান্য ব্যয় ৭ লাখ ৩৫ হাজার টাকা যোগ করলে মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৯৭ লাখ ৪৬ হাজার ২৩১ টাকা। বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

 
দুদকের হিসাবে, তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকা। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯০ হাজার ২৩১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলার  শেষে আদালতে অভিযোগপত্র দিলে চার্জগঠন করে বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত