রাজবাড়ীতে “আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্য ধারণ করে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি), এলজিইডির সহযোগিতায় রাজবাড়ী পৌরসভার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পান্নাচত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে পৌরসভার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. কল্যাণ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. রবিউল হক, প্রশাসনিক কর্মকর্তা. মুহাম্মদ নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন।
এসময় বক্তারা বলেন, হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাতের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। এই জীবাণুর মাধ্যমে রোগবালাই সৃষ্টি হয়। আমাদের একটি প্রবণতা আছে খাওয়ার পরে হাত ধোয়া। আসলে খাওয়ার আগেই আমাদের হাত ভালো ভাবে পরিষ্কার করতে হবে। এখনও অনেকেই হাত ধোওয়া সম্পর্কে অবগত নন। এই বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।