চট্টগ্রামের খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোড়ক ব্যবহার না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, নবী সুপার মার্কেটের ‘আরাফাত ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের সঠিক মোড়ক ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ইলিয়াস মার্কেটের ‘হাসান করপোরেশন’ নামের অপর একটি প্রতিষ্ঠানে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধ ধরা পড়ে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, মোড়ক ব্যবহার না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে আমরা দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছি। বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।