চুরির অভিযোগে গ্রেপ্তার ৪, ৬ মোটরসাইকেল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

চট্টগ্রামে ৬টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। গত ১২ অক্টোবর থেকে গতকাল ১৪ অক্টোবর রাত পর্যন্ত নগরের সিআরবি কাঠের বাংলোসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), মাইনুদ্দিন মুরাদ (২৭), শাহাদাত হোসেন (৩০) ও আবু হুরায়রা (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার পুলিশকে জানান, তিনি অপর আসামিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম জেলার মীরসরাই ও জোরারগঞ্জ এবং নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকায় মজুত করে আসছিলেন।

তার তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম মীরসরাই থানাধীন মিঠানালা ইউনিয়নের ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে চোর চক্রের বাকি সদস্যদের চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ সূত্রে পুলিশ জানায়, আসামিরা চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম ও আশপাশের জেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত। অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তবে মোটরসাইকেলগুলো কোথা থেকে চুরি করে আনা হয়েছে, সে বিষয়ে তারা কৌশলে তথ্য গোপন করে। আসামিদের বিরুদ্ধে গতকাল বুধবার কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তার আসামি আব্দুর রহমানের বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা এবং শাহাদাত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ অন্যান্য আইনে ২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।

সর্বশেষ সর্বাধিক পঠিত