মতলবে ইয়াবাসহ গ্রেপ্তার ৮ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ১০০ পিস ইয়াবাসহ কামাল পাটোয়ারী (৪২) ও মজিব প্রধান (৩০) এবং ৯ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

এ ছাড়া অন্যান্য অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং অন্য একটি নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।