লালপুরে আধা কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইন বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দক্ষিণ লালপুর গ্রামের মো. আরিফুজ্জামান বাপ্পি (৪৮), তিনি লালপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছে এসআরবি। অপরজন একই গ্রামের মো. জিল্লুর রহমান (৪১)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল কচুয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় মোটরসাইকে বাপ্পি ও জিল্লুর যাওয়ার সময় তাদের থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-৫ এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারে সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা মাদকসহ লালপুর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত