সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় কাকিমাকে ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে হত্যা করেছেন এক ভাইপো। এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুধারানী মন্ডল (৬৫) ওই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী।
অভিযুক্ত রমেশ মন্ডল নিহতের দেবর শ্রীদাম মন্ডলের ছেলে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, নিহতের স্বামী মধুসূদন মন্ডলের সঙ্গে অভিযুক্তের বাবা শ্রীদাম মন্ডলের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মধুসূদন মন্ডল ও শ্রীদাম মন্ডল আপন দুই ভাই। পূর্ববিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে রমেশ মন্ডল তাঁর বড় কাকিমা সুধারানী মন্ডলকে ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে হত্যা করেন।
পুলিশ পরিদর্শক পিয়ার উদ্দিন আরও জানান, অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে। সন্ধ্যায় নিহতের স্বজনেরা ফিরে এলে হত্যাকাণ্ডের কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।
এদিকে, নিহতের ভাই সন্তোষ মন্ডল বৃহস্পতিবার বিকেলে একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।