চলচ্চিত্র পরিচালক ও টিভি উপস্থা্পক করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ মৌসুমের শুরুতেই বড়সড় চমক দিলেন বলিউডের ‘ভাইজান’ সা্লমন খান। করণ জোহরের একের পর এক ক্ষুরধার প্রশ্নের মুখে সালমানের বিস্ফোরক জবাবে রীতিমতো তোলপাড় দর্শকমহল ।
তবে শুধু সালমান খানই নন, দর্শকমনে উত্তেজনা বাড়িয়ে রাখতে পরতে পরতে চমক সাজিয়ে রেখেছিলেন করণও। এই পর্বে যেমন উপস্থিত হয়ে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী কারিশমা কাপুর ফাঁস করেছেন ভাইজানের নানা অজানা গোপন গল্প, তেমনই সালমানের দীর্ঘদিনের পথপ্রদর্শক ও বন্ধু সঞ্জয় দত্তের পাঠানো বিশেষ ভিডিও বার্তা বদলে দেয় আবহ। সব মিলিয়ে অন্তিম মৌসুমের প্রথম পর্বটি যে সুপারহিটের তকমা পেয়ে গেছে, তা নিয়ে যেন কোনো সন্দেহ নেই।
সালমানের দীর্ঘ সাড়ে তিন দশকের অভিনয় জীবনে যারা তার সহ-অভিনেতা বা ঘনিষ্ঠ ছিলেন, তাদের অনেকেরই ভিডিও বার্তা এই শোয়ে তুলে ধরেছিলেন করণ। সেই তালিকায় অন্যতম নজরকাড়া উপস্থিতি ছিল সঞ্জয় দত্তের। ভিডিও বার্তায় স্মৃতির সরণি বেয়ে সঞ্জু বাবা বলেন, আমি ওকে ‘ভাইজ’ বলে ডাকি। হাই ভাইজ, কেমন আছিস? আমি যখন সেলিম সাহেবের সঙ্গে দেখা করতে যেতাম, তখন সালমানকে শরীরচর্চা করতে দেখতাম। সেই সময় থেকেই আমাদের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। আসলে ভাইজান আর আমি— দু’জনেই এই বিনোদন জগতের ‘ব্যাড বয়’।
এখানেই না থেমে, ষাটোর্ধ্ব সালমানকে সংসার পেতে সন্তান নেওয়ার আকুল আর্জি জানান সঞ্জয়। সলমনের প্রতি নিজের গভীর ভালোবাসা ও আবেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সালমান শিশুদের খুব ভালোবাসে। আমরা মন থেকে চাই, ও এবার জীবনে থিতু হোক। ওর সন্তান আসুক এবং আমাদের কোলে যেন একটা ছোট্ট সলমন খেলে বেড়ায়। ভাইজ, আমাদের অন্তত একটা সন্তান দে! সত্যি বলতে, বিয়ের পর মানুষ এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়। আমাদের মতো যারা বিবাহিত, তারা সবাই কোনো না কোনোভাবে সেই বন্ধনেই আছি। তবে আমি চিরকাল তোকে নিয়ে গর্ববোধ করব এবং তোকে খুব ভালোবাসি।’