ইস্টার্ন ইউনিভার্সিটি-মালয়েশিয়ার ইউএসআইএমের সমঝোতা চুক্তি

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ (ইইউবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও যৌথ একাডেমিক কার্যক্রমের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ১৪ অক্টোবর ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা দলিলে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে দলিলে স্বাক্ষর করেন।

এ সময় ইউএসআইএমের অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মো. ইউসুফ আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত সহযোগিতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, গবেষণা অনুদান সংগ্রহ, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের গবেষণা তত্ত্বাবধান এবং যৌথ গবেষণা প্রকাশনার ক্ষেত্রে কাজ করতে পারবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সেবামূলক কার্যক্রমেও যৌথভাবে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

স্বাক্ষরিত লেটার অব ইনটেন্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাডেমিক সহযোগিতা গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ। প্রস্তাবিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে পরবর্তী সময়ে পৃথক চুক্তি করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রচেষ্টা আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।