তুরাগ তীরে চার শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, বর্জ্যের নমুনা সংগ্রহ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গী এলাকায় চারটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বাধীন মনিটরিং ও এনফোর্সমেন্ট দল। এ সময় প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনাসহ সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, পরবর্তী বিশ্লেষণের জন্য চারটি প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তুরাগ নদীর তীরবর্তী টঙ্গী এলাকায় রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় এসব পদক্ষেপ নেওয়া হয়।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, এস কে এফ ফার্মাসিউটিক্যালস পিএলসি, তামিশনা গ্রুপ এবং অরবিট প্রসেসিং মিলস প্রাইভেট লিমিটেড। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের উপস্থিতিতে পরিচালিত এ কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি উপকমিটিও গঠন করা হয়েছে।

উপকমিটির কার্যপরিধি অনুযায়ী, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত