সিভাসুতে দুগ্ধজাত পণ্য তৈরির প্রশিক্ষণ নিলেন ২৫ খামারি

দুধ থেকে দই, মাখন, ঘি, পনির, মাঠা, লাবাং, লাচ্ছি, রসগোল্লা ও রসমালাইসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন ২৫ জন দুগ্ধ খামারি। তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে সিভাসুর পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এবং ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগ যৌথভাবে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ‘দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, এনডিসি। এ ছাড়া উপস্থিত ছিলেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসুর পিআরটিসির পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. ইনকেয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুধের বহুমুখী ব্যবহার, মূল্য সংযোজন এবং মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুগ্ধ খামারিদের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণে খামারিদের প্রশিক্ষণ দেন সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, পিআরটিসির পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাইফুল বারী ও প্রভাষক ডা. উম্মে সালমা আমিন, দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহম্মদ, চট্টগ্রাম জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওমর ফারুক, সিভাসুর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. ইনকেয়াজ উদ্দিন এবং সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. আকতার ফারুক।

প্রশিক্ষণে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাই অঞ্চলের ২৫ জন দুগ্ধ খামারি অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে তাদের সনদ দেওয়া হয়।