স্বাভাবিক লেনদেনে ফিরেছে ন্যাশনাল ব্যাংক

দীর্ঘদিনের তারল্যসংকট ও গ্রাহকদের টাকা উত্তোলনে ভোগান্তির পর স্বাভাবিক লেনদেনে ফিরেছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। গতকাল বৃহস্পতিবার থেকে ব্যাংকটির সব শাখায় গ্রাহক স্বাভাবিক নিয়মে টাকা তুলতে পারছেন। পাশাপাশি এটিএম বুথসহ প্রচলিত ব্যাংকিং সেবার মাধ্যমেও লেনদেনের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এতে ব্যাংকটির গ্রাহকের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে আগের মতো স্বাভাবিক পরিবেশ ও গ্রাহকের পূর্ণ আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ। ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রাহকের আস্থা ফিরে এসেছে বলে মনে হচ্ছে। আমি চাই, ব্যাংকটি এভাবেই সামনের দিকে এগিয়ে যাক। ব্যাংক কর্মকর্তাদের কঠোর পরিশ্রম, সদিচ্ছা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে ব্যাংকটির ভবিষ্যৎ। আমরা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাব।’

ব্যাংক সূত্র জানা গেছে, সম্প্রতি গ্রাহকের টাকা উত্তোলন নিয়ে ভোগান্তি কমাতে এবং লেনদেনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথমে গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলনের চাহিদা ও আবেদন সংগ্রহ করা হয়। পরে পর্যায়ক্রমে টাকা উত্তোলনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার থেকে সব শাখায় স্বাভাবিক নিয়মে টাকা উত্তোলনের সুযোগ চালু করা হয়েছে।

ব্যাংকটির বিভিন্ন শাখায় টাকা উত্তোলনের জন্য গ্রাহকের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন ধরে জমা টাকা প্রয়োজনমতো তুলতে না পারায় যেসব গ্রাহক উদ্বেগে ছিলেন, তাদের অনেকে এখন টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে ব্যাংকটির প্রতি আস্থা পুরোপুরি ফিরতে আরও সময় লাগবে বলে মনে করছেন কেউ কেউ।

ব্যাংকটির উত্তরা শাখার আজাদ সুলাইমান নামের একজন গ্রাহক দেশ রূপান্তরকে বলেন, ‘নিজের প্রয়োজনে ব্যাংকে টাকা জমা রেখেছিলাম। কিন্তু প্রয়োজনের সময় টাকা তুলতে না পারলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়। এখন টাকা তুলতে পারছি, এটা স্বস্তির বিষয়। তবে ভবিষ্যতেও যেন প্রয়োজনের সময় টাকা পাওয়া যায়, সেটি নিশ্চিত করতে হবে।’