অনৈতিক কর্মকাণ্ড

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্র্তৃপক্ষ। গত বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও স্মৃতি আকতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। পরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ গঠন করা হয়।

মামলাটির বিচারকার্য শেষে সংশ্লিষ্ট আদালত স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের তীব্রতার বিষয়টি বিবেচনা করে তাদের দোষী সাব্যস্ত করে তাজিয়া (বিচক্ষণতামূলক) মৃত্যুদণ্ডের রায় দেয়। পরে উচ্চ আদালত কর্র্তৃক এ রায় বহাল রাখা হয় এবং রাজকীয় ফরমান জারির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণœ করা বা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।