শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানীর শ্যামলী মোড়ে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মুক্তা (৪০) নামে আরেক নারীকে মোহাম্মদপুর থানা-পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তাদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও নিহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।