দুই মাস পর বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন শুরু

নানা ঝুঁকি ও কারিগরি জটিলতা পেরিয়ে দীর্ঘ দুই মাস চার দিন পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার ভোরে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এতে খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

খনি কর্তৃপক্ষ জানায়, গত ১২ আগস্ট ভূগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল।

এরপর প্রায় দুই মাস ধরে আগের ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়। সব প্রস্তুতি শেষে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক দৈনিক দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। তবে ফেইজটি ক্রিটিক্যাল হওয়ায় পূর্ণমাত্রায় উত্তোলন শুরু করতে আরও সময় লাগবে।

তিনি জানান, নতুন ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে খনির কোল ইয়ার্ডে ৬ লাখ মেট্রিক টনের বেশি কয়লা মজুত রয়েছে। অথচ ইয়ার্ডটির ধারণক্ষমতা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন।

দীর্ঘ বিরতির পর নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনির স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।