বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন এক বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।  

শুক্রবার (১৬ অক্টোবর) বরুড়া থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরুড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার দুজন হলেন-কলাখাল গ্রামের নাসির আহম্মেদের ছেলে মহিন উদ্দীন (৩৪)। তাঁর বিরুদ্ধে এক বছর ছয় মাসের কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। অপরজন দিঘলগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে ইউনুস (৩৭)। তাঁর বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৮ কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।