কুমিল্লায় জমির বিরোধ নিয়ে হামলায় যুবদল কর্মী নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মো. আবু কাউছার (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাছুম মিয়া নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাউছারকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দুপুর দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু কাউছার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি নগরের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, কাপ্তানবাজার এলাকার কাউছারের বন্ধু মো. শামীমের সঙ্গে আদর্শ সদর উপজেলার নন্দীরবাজার এলাকার তানজিল ও তৌহিদের ছত্রখিলের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধটি মীমাংসার জন্য শামীম, কাউছার, হেলাল উদ্দিনসহ কয়েকজন সেখানে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে কাউছার গুরুতর আহত হন।

কাউছারের বন্ধু হেলাল উদ্দিন বলেন, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য তাদের সেখানে যেতে বলা হয়েছিল। সেখানে যাওয়ার পর তৌহিদ, তানজিলসহ তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

একই ঘটনায় আহত অটোরিকশাচালক মাছুম মিয়াকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমিল্লা মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব অভিযোগ করেন, হামলায় জড়িত তৌহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। তার আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে জমির দালালি করেন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে চাঁদাবাজি করেন।

এদিকে শুক্রবার বিকেল চারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কাউছারের মরদেহ দেখতে যান কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। সাংবাদিকদের তিনি বলেন, পরিবারটি বিএনপির জন্য নিবেদিত। জমি নিয়ে বিরোধের জেরে এভাবে কুপিয়ে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত