বই পরিচিতি

পাখিরা ভোর আনে

ছুটি পেলে কার না ভালো লাগে! কিন্তু ছোটবেলার ছুটি পাওয়ার স্মৃতি কি আর বড়বেলায় থাকে? থাকে, যারা বড় হয়েও শৈশবকে অনুভব করতে পারেন তাদের। তারাই পারেন ছোটদের জন্য ছড়াকবিতা-গল্প লিখতে। ছড়াকার নুরুল ইসলাম বাবুল কিন্তু ভোলেননি ছুটি পাওয়ার আনন্দ। তার প্রমাণ পাওয়া যায় তোমাদের জন্য লেখা ছড়ার বই ‘পাখিরা ভোর আনে’র একটি ছড়া ‘একদিন ছুটি পেলে’ ছড়ায়। একদিন ছুটি পেলেই আমাদের মন বহুদূর চলে যায়, পাখিদের গান শুনি, প্রজাপতির নাচ দেখি, ফড়িংয়ের ঝাঁক দেখি। আর দেখি গোধূলির রঙ, মেঠোপথ আর সূর্যের লাল। শুধু শিশুদের মনের খবরই জানাননি ছড়াকার, আমাদের কী কী ঐশ্বর্য আছে সেটিও জানিয়েছেন তার শিশুবন্ধুদের ‘আমাদের আছে’ ছড়ায়। এভাবেই ছড়ার মাধ্যমে একদিকে যেমন শিশুমনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তেমনি শিশুদের জানিয়েছেন আমাদের দেশ, সংস্কৃতি, প্রকৃতি ও বড় মানুষদের সম্পর্কে। তার এই বইয়ে যেমন স্থান পেয়েছে আমাদের তেরশ নদী তেমনি স্থান পেয়েছেন রবীন্দ্রনাথ, নজরুল, রোকনুজ্জামান খান দাদাভাই। একদিকে যেমন স্থান পেয়েছে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা, একাত্তরের পঁচিশে মার্চ, জাতীয় পতাকা তেমনি স্থান পেয়েছে ষড়ঋতুর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বড় মানুষের আদর্শ আর শাশ্বত বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বড় মানুষ হয়ে উঠবে শিশুরা এমন প্রত্যাশা ছড়াকারের। তেমন প্রতিফলনই দেখা যায় ‘এসো মানুষ হই’ ছড়ায়। বইটি যে এই মূলভাব অনুসরণেই সাজানো হয়েছে বুঝতে অসুবিধা হয় না।

বইটি তোমাদের ভালো লাগবে!