‘অচেনা বউ’ মিম

মিম চৌধুরী অভিনীত একটি নাটক ইউটিউবে উন্মুক্ত হয়েছে। নাটকের নাম ‘অচেনা বউ’। এনডি আকাশের গল্পে ‘অচেনা বউ’ নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এরই মধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে। নাটকটি প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘এই নাটকের মূল গল্প আমাকে ঘিরেই। যে কারণে কাজটি করেছিও ভীষণ মন দিয়ে। বর্ণনাথ দাদার পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে অচেনা বউ নাটকটির গল্প অন্যরকম। দর্শক নাটকটি দেখলেই তা বেশ ভালোভাবে অনুধাবন করতে পারবেন। সত্যি বলতে কী এখন অনেক নাটকের স্ক্রিপ্ট আসে। কিন্তু আমি চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। আর এখন তো পারিবারিক গল্পের নাটক নির্মাণ বাড়ছে। আমিও চাই পারিবারিক গল্পের নাটকে অভিনয় করতে। যে কারণে মনোযোগ এখন পারিবারিক গল্পে। দেখা যাক, সামনে আরও বেশ কিছু ভালো নাটক প্রচারের অপেক্ষায় আছে। সেই নাটকগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী।’ এদিকে মিম উপস্থাপনাতেও আছেন নিয়মিত। তিনি গ্লোবাল টেলিভিশনের একটি মিউজিক্যাল প্রোগ্রামে নিয়মিত উপস্থাপনা করছেন।