কাঠগড়ায় হলিউড অভিনেতা রাশেল ব্র্যান্ড, বিচার শুরু

লন্ডনে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাশেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলার বিচার শুরু হয়েছে। ছয় নারীর করা অভিযোগে তার বিরুদ্ধে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন ও একটি অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। ঘটনাগুলো ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ঘটেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

১৪ অক্টোবর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচার শুরুর সময় সরকারি কৌঁসুলি রিয়েল কারমি-জোনস ব্র্যান্ডকে নারীদের প্রতি নির্মম আচরণের অভিযোগে অভিযুক্ত করেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে হোটেলকক্ষ, কর্মস্থল ও অন্যান্য স্থানে ঘটনাগুলো ঘটে। তবে ব্র্যান্ড সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

একসময় ব্রিটিশ টেলিভিশন ও হলিউডে পরিচিত মুখ ছিলেন ব্র্যান্ড। মামলার বিচার কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। মামলার রায় ও পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিনোদন জগতের সংশ্লিষ্টদের দৃষ্টি রয়েছে।