সুরের আবেশে মুগ্ধ শ্রোতা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম

উপমহাদেশের সংগীত আকাশের তিন উজ্জ্বল নক্ষত্র কিশোর কুমার, মান্না দে ও লতা মঙ্গেশকর। এই অমর শিল্পীদের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি এক অনন্য সংগীত সন্ধ্যার আয়োজন করে ঢাকার ভারতীয় দূতাবাস।

রাজধানীর বারিধারার পার্ক রোডে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) গত ১৫ অক্টোবর বিকেলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘এ মিউজিক্যাল ইভিনিং উইথ লিজেন্ডস : এ ট্রিবিউট টু লতা মঙ্গেশকর, কিশোর কুমার অ্যান্ড মান্না দে’। নাট্যনির্মাতা ও উপস্থাপক কৌশিক শংকর দাসের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (কমিউনিটি অ্যান্ড কালচার) প্রানসু শর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার শ্রী পবনকুমার বাড়ে। এরপরই শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। মঞ্চে শুরুতেই সংগীত পরিবেশন করেন সমরজিৎ রায়। তিনি মান্না দে ও কিশোর কুমারের কালজয়ী গানগুলো গেয়ে দর্শকদের বিমোহিত করেন। পরবর্তী সময়ে মঞ্চে উঠে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন অনুপমা মুক্তি। একক পরিবেশনা শেষে দুই শিল্পী দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘কে প্রথম কাছে এসেছি’ ও ‘তেরে বিনা জিন্দেগি’র মতো জনপ্রিয় গান। সুরের আবেশে মুগ্ধ শ্রোতারা স্মরণীয় সংগীত সন্ধ্যা উপভোগ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত