কনস্ট্যান্ট ব্যান্ডের নতুন গান ‘শেষ বিকেল’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর অষ্টম প্রয়াণ দিবসে, তার স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে নতুন মৌলিক গান নিয়ে আসছে রক ব্যান্ড ‘কনস্ট্যান্ট’। গানটির শিরোনাম ‘শেষ বিকেল’। কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আগামীকাল ১৮ অক্টোবর। আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। ‘শেষ বিকেল’ গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডটির ড্রামার রাব্বি। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকাল ইমন ও রাব্বি।

সংগীতানুরাগী ও তরুণ প্রজন্মের বহু ব্যান্ডের কাছে আইয়ুব বাচ্চু ছিলেন এক পথপ্রদর্শক ও প্রেরণার নাম। কনস্ট্যান্ট ব্যান্ডের সদস্যদের সঙ্গেও জড়িয়ে ছিল তার পরম স্নেহ ও বিশেষ স্মৃতি। অতীত স্মৃতি স্মরণ করে ব্যান্ডের বেসিস্ট ও কো-অর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক জানান, কনস্ট্যান্ট যখনই কোনো স্টেজ শো করত, শুরুতেই পরিবেশন করত আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘একদিন ঘুম ভাঙা শহরে’। ব্যান্ডটির এই চর্চার কথা জানতে পেরে স্বয়ং আইয়ুব বাচ্চু অত্যন্ত আবেগাপ্লুত ও আনন্দিত হয়েছিলেন এবং তরুণ এই সংগীতশিল্পীদের আন্তরিকভাবে উৎসাহিত করেছিলেন। সেই স্বীকৃতি ও ভালোবাসার কৃতজ্ঞতাস্বরূপই এই শ্রদ্ধার্ঘ্য।

২০০৫ সালে যাত্রা শুরু করা কনস্ট্যান্ট দীর্ঘ দুই দশক ধরে বাংলা রকের ধারাকে সমৃদ্ধ করে চলেছে। ‘স্বপ্নমিছিল’, ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’, ‘স্বাধীনতা’, ‘সাদাকালো’ ও ‘অস্থির অনুভূতি’র মতো জনপ্রিয় গান উপহার দেওয়া ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন জীবন (লিড গিটার), দেওয়ান হাসিবুর রহমান রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভোকাল) এবং আহম্মদ মোস্তফা আকিক (বেজ গিটার)। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে তাদের ‘ইচ্ছের আকাশ’ ও ‘যাযাবর’ গান দুটিও ব্যাপক সমাদৃত হয়।

শ্রোতাদের হৃদয়ে হাহাকার ও স্মৃতির অবগাহন জাগাতে ‘শেষ বিকেল’ গানের কথাগুলো এমন ‘শোন কান পেতে এই শরীরে, অবহেলারই গান/ ভেজা চোখ নিয়ে শেষ বিকেলে, খুব কেঁদেছিলাম/ বলো, কার আশায় আজ এভাবে, কী কী হারালাম/ ভেজা চোখজোড়া যেন নিমিষেই, ঝাপসা জীবনেরও গান...’

আইয়ুব বাচ্চুর প্রয়াণ কেবল সংগীতাঙ্গনের জন্য নয়, পুরো সংস্কৃতি জগতের জন্যই এক অপূরণীয় ক্ষতি। তবে কনস্ট্যান্ট ব্যান্ডের বিশ্বাস, শারীরিক বিদায় ঘটলেও কালজয়ী সৃষ্টির মধ্য দিয়েই একজন সত্যিকারের শিল্পী যুগে যুগে বেঁচে থাকেন। ১৮ অক্টোবরের এই বিষাদময় দিনে ‘শেষ বিকেল’ গানটি রক লিজেন্ডের স্মৃতির প্রতি নিবেদিত এক অন্তরঙ্গ ও বিনম্র শ্রদ্ধা হিসেবে সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেবে।