মোটরসাইকেলের সামনের দিকেও এখন নম্বরপ্লেট লাগাতে হবে। এটি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতদিন শুধু পেছনে ডিজিটাল নম্বরপ্লেট ছিল। এবার সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট যোগ করতে হবে। মালিকদের নিজের উদ্যোগেই এ প্লেট বসাতে হবে। এর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার বিআরটিএ একটি জরুরি গণবিজ্ঞপ্তি দিয়েছে। সেখানেই এ নির্দেশ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার নিয়ম আছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর দেখানোর সিদ্ধান্ত হয়েছে। সামনের নম্বরপ্লেট হতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের। প্লেটের পটভূমি হবে সাদা। তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা বাড়তি সাজসজ্জা করা যাবে না।