সাতক্ষীরার তালায় এবার মাছের ঘেরের মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক মৎস্যজীবীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে ও দলবদ্ধভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল উপজেলার তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
নিহতের স্বজন পার্থ মন্ডল জানান, শুক্রবার ভোরে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটক করার পরপরই স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের একদল লোক তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে একটি গাছে বেঁধে রাতভর বর্বর নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও স্বজনরা। গতকাল সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ‘ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। একজন স্বাধীন ঘের ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে এভাবে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হলো? আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ওসি মহসিন আলী জানান, খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।