শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নীলফামারীর ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) সিপিসি-২। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩, রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।
তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এ কার্যক্রম পরিচালনায় স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
প্রতিমা বিসর্জনের দিনও নেওয়া হবে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা। এ সময় গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এসআরবি-১৩। পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।