শিবালয়ে যমুনায় নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ আহরণের দায়ে তিন জনকে আটক করেছে মৎষ্য বিভাগ।  শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 

অভিযান সূত্র জানা গেছে, উপজেলার যমুনা নদীর দাসকান্দি ও অন্বয়পুর এলাকায় অভিযানে ৭০ হাজার মিটার জাল, ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়। অভিযানে জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের ভ্রাম্যমাণ আদালতে আটক তিনজনকে ১৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অবৈধ কারেন্ট জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা পাঁচ কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, অভিযানে বিপুল পরিমান জাল জব্দ ও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।