থ্রেডসের অ্যালগরিদমে পরিবর্তন এসেছে

থ্রেডস অ্যাপটির অ্যালগরিদমে বিশেষ পরিবর্তন এসেছে, যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের ও ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্টই বেশি দেখতে পাচ্ছেন। থ্রেডস প্রধান কনর হেইস বলেছেন, ব্যবহারকারীরা যা দেখতে বা পড়তে চান তা যেন ফিডে সহজে খুঁজে পান সেই লক্ষ্যেই অ্যালগরিদম পুনর্গঠন করা হয়েছে।

হঠাৎ করে নিজের পছন্দের মানুষ ও অ্যাকাউন্টগুলোর পোস্ট বেশি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অনেকে।

ইন্টারনেটে বট কমে যাওয়ার গুজবের মধ্যেই থ্রেডস প্রধান হেইস বললেন, বট কমে যাওয়া নয়, বরং অ্যাপটির অ্যালগরিদমে আনা পরিকল্পিত পরিবর্তনের কারণেই ব্যবহারকারীরা এখন নিজেদের ফিডে প্রত্যাশিত কনটেন্ট দেখতে পাচ্ছেন। যেন তাদের প্রকৃত আগ্রহের বিষয়গুলো স্ক্রিনে বেশি দেখতে পান সেই লক্ষ্যেই ফিডে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মেটা। হেইস বলেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি আপনি যা পছন্দ করেন বা যে বিষয়ে আপনার আগ্রহ রয়েছে, তা যেন আপনার সামনে তুলে আনা যায়।’ এর জন্য ব্যবহারকারী যেসব প্রোফাইল এরই মধ্যে অনুসরণ বা ফলো করছেন, সেগুলোর পোস্টের পাশাপাশি নতুন ও অজানা কিছু প্রোফাইলের কনটেন্টের এক ধরনের মিশ্রণ তৈরি করা হয়। ‘আমরা সম্প্রতি এমন পরিবর্তন এনেছি, যা আপনার ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখানোর পরিমাণ বাড়িয়ে দেবে। কনটেন্ট নির্মাতাদের জন্য এর মানে, তাদের অনুসারীদের কাছে পৌঁছানোর পরিধি আরও বাড়বে।’ এমনটা ব্যবহারকারীদের ক্ষেত্রে উন্নত একটি ফিড উপহার দেবে, যা তাদের পছন্দের কনটেন্টে ভরপুর থাকবে। তবে এ বিশেষ অ্যালগরিদম পরিবর্তনটি কবে নাগাদ কার্যকর শুরু হয়েছে সে বিষয়ে কিছু জানাননি থ্রেডস প্রধান।