উলেন পোশাক ধোয়া ও শুকানোর সঠিক নিয়ম

শীতের পোশাকের যত্ন নিতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলি। বিশেষ করে উলেন সোয়েটার, জাম্পার, মোজা কিংবা টুপির ক্ষেত্রে সাধারণ কাপড়ের মতো ধোয়া বা শুকানোর পদ্ধতি অনুসরণ করলে পোশাকের গঠন নষ্ট হতে পারে। উলেন তন্তু জট পাকিয়ে যাওয়া, পোশাক সংকুচিত হওয়া কিংবা ঢিলেঢালা হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। উলেন পোশাকের যতেœ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পোশাকের লেবেলের নির্দেশনা মেনে চলা। সঠিকভাবে ধোয়া, শুকানো ও সংরক্ষণ করলে প্রিয় শীতের পোশাকের কোমলতা ও আকৃতি দীর্ঘদিন বজায় রাখা সম্ভব। তাই দীর্ঘদিন উলেন পোশাক ভালো রাখতে ধোয়া ও শুকানোর সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।

ঠান্ডা পানিতে ধুয়ে নিন

উলেন পোশাক ধোয়ার ক্ষেত্রে পানির তাপমাত্রা গুরুত্বপূর্ণ। গরম পানিতে উলের তন্তু সংকুচিত হয়ে যেতে পারে এবং পোশাকের স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে। তাই পোশাকের লেবেলে দেওয়া নির্দেশনা মেনে ঠান্ডা বা হালকা কুসুম গরম পানিতে ধোয়া ভালো। এ ক্ষেত্রে উলেনের জন্য উপযোগী মৃদু ডিটারজেন্ট ব্যবহার করুন। কাপড় বেশি ঘষাঘষি বা মোচড়ানো থেকেও বিরত থাকুন।

মেশিনে ধুলে সতর্ক থাকুন

উলেন পোশাক মেশিনে ধোয়ার আগে লেবেলের নির্দেশনা দেখে নিন। মেশিনে ধোয়া অনুমোদিত হলে উলের জন্য নির্ধারিত ওয়াশ সাইকেল ব্যবহার করুন। পোশাকটি উল্টে নিয়ে মেশিনে দিলে ঘর্ষণ কিছুটা কমতে পারে। তবে লেবেলে হাতে ধোয়ার নির্দেশনা থাকলে মেশিন ব্যবহার না করাই ভালো।

সমতলে রেখে শুকান

ভেজা উলেন পোশাক ভারী হয়ে যায়। এ অবস্থায় হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকালে পোশাকের আকৃতি বদলে যেতে পারে। তাই পরিষ্কার, শুকনো তোয়ালের ওপর পোশাকটি বিছিয়ে স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। প্রয়োজন হলে মাঝপথে উল্টে দিন, যাতে দুই দিকই ভালোভাবে শুকায়। সরাসরি কড়া রোদ বা অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন।

গরম ড্রায়ার এড়িয়ে চলুন

উলেন পোশাক দ্রুত শুকানোর জন্য গরম ড্রায়ার ব্যবহার করা ঠিক নয়। অতিরিক্ত তাপে পোশাক সংকুচিত হতে পারে। একইভাবে ভেজা কাপড় জোরে মোচড়ানো বা নিংড়ানো থেকেও বিরত থাকুন।