বিশ্ব অর্থনীতির উত্থান-পতন নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি মোকাবিলা এবং অর্থনৈতিক সংকটের ক্ষতিকর প্রভাব কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার নোবেলের স্বীকৃতি পেয়েছেন, দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি উন্নয়নের জন্য যৌথভাবে পুরস্কারটি দেওয়া হয়েছে। গবেষণার স্বীকৃতিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ উপলব্ধি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে শুধু সামগ্রিক পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে চলে না। বরং পরিবার, ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ সম্পর্কে তাদের প্রত্যাশা বুঝতে হয়। রবার্ট ই. হলের গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে, পরিবারের ভোগব্যয় এবং ভবিষ্যৎ আয় সম্পর্কে প্রত্যাশার সম্পর্ক। ১৯৭৮ সালে গুরুত্বপূর্ণ গবেষণায় তিনি দেখিয়েছেন, মানুষের ব্যয়ের সিদ্ধান্ত শুধু বর্তমান আয়ের ওপর নির্ভর করে না; ভবিষ্যৎ সম্পদ ও আয় সম্পর্কে নতুন তথ্য ভোগব্যয়কে প্রভাবিত করতে পারে। অন্যদিকে, মাইকেল উডফোর্ড আধুনিক মুদ্রানীতির তাত্ত্বিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার গবেষণায় সুদের হার, মূল্য নির্ধারণ, মানুষের প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। অর্থনীতিবিদদের গবেষণার তাৎপর্য হলো, অর্থনীতির সামগ্রিক ওঠানামাকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচরণের সঙ্গে যুক্ত করে আরও কার্যকর নীতিনির্ধারণের ভিত্তি তৈরি করা। বিশ্ব অর্থনীতি সব সময় এক গতিতে চলে না। কখনো উৎপাদন ও বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষের আয় বৃদ্ধি পায়। আবার কখনো অর্থনৈতিক মন্দা, জ্বালানির মূল্যবৃদ্ধি কিংবা আন্তর্জাতিক সংকটের কারণে উৎপাদন কমে যায় এবং মূল্যস্ফীতির চাপ বাড়ে। রবার্ট ই. হল ও উডফোর্ডের গবেষণা এমন মডেল বিকাশে অবদান রাখে যেগুলোতে মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রত্যাশা এবং বাজারের আচরণকে সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই ধারার গবেষণা থেকে বিকশিত আধুনিক সামষ্টিক অর্থনৈতিক মডেলগুলো কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকে অর্থনৈতিক ধাক্কার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ এবং উপযুক্ত নীতিগত প্রতিক্রিয়া নির্ধারণে সহায়তা করে। তবে কোনো মডেল সব পরিস্থিতিতে নিশ্চিত সমাধান দিতে পারে না; নীতির কার্যকারিতা নির্ভর করে সংকটের ধরন, সময় এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক বাস্তবতার ওপর।
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মুদ্রানীতি ও রাজস্বনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতির প্রকৃত অবস্থা না বুঝে, শুধু সুদের হার পরিবর্তন কিংবা সরকারি ব্যয় বাড়ানো-কমানো যথেষ্ট নয়। মানুষের প্রত্যাশা, বাজারের প্রতিক্রিয়া এবং নীতির বিশ্বাসযোগ্যতাও বিবেচনায় নিতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে সীমিত আয়ের পরিবারে বেশি চাপে পড়ে। একই সঙ্গে ঋণের ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ এবং বাজারের অনিশ্চয়তা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সিদ্ধান্তকে প্রভাবিত করে। এ বাস্তবতায় হল ও উডফোর্ডের গবেষণা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায়। প্রথমত, অর্থনৈতিক নীতি প্রণয়নে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। মূল্যস্ফীতির কারণ চিহ্নিত না করে শুধু সামগ্রিক চাহিদা কমানোর চেষ্টা করলে প্রত্যাশিত ফল নাও আসতে পারে। দ্বিতীয়ত, মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টার পাশাপাশি সরকারের ব্যয়, করনীতি ও উন্নয়ন কর্মসূচির কার্যকারিতা বিবেচনা করতে হবে। তৃতীয়ত, নীতির বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতা নিশ্চিত করা দরকার। মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আস্থাশীল হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগের সুযোগ বাড়তে পারে। চতুর্থত, প্রবৃদ্ধির পাশাপাশি তার সুফল কারা পাচ্ছে, তা বিশ্লেষণ করা জরুরি। কোনো দেশের অর্থনীতি তখন শক্তিশালী, যখন উন্নয়নের সুফল সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে পৌঁছায়। শিক্ষিত তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা কঠিন। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের জন্য সহজ অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত, মানুষের জীবনমানের উন্নতি। প্রবৃদ্ধি যদি কর্মসংস্থান সৃষ্টি না করে, মূল্যস্ফীতি আয়কে ক্ষয় করে বা উন্নয়নের সুফল সমাজের বৃহত্তর অংশের কাছে না পৌঁছালে প্রবৃদ্ধির সামাজিক তাৎপর্য সীমিত হয়। রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডের গবেষণা অর্থনৈতিক নীতির বৈজ্ঞানিক ভিত্তি শক্তিশালীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে যদি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ তথ্যনির্ভর, সমন্বিত ও জনকল্যাণমুখী নীতি গ্রহণ করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ সুগম হবে।
লেখক : ব্যাংক কর্মকর্তা ও শিক্ষক
liplisa7@gmail.com