আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না

মানুষ মাত্রই ভুল করে। কখনো বুঝে, কখনো না বুঝে, কখনো বা প্রবৃত্তির তাড়নায়। কেউ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, আবার কেউ পাপের ভারে এতটাই ভেঙে পড়ে যে, সে মনে করে, তার আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহর বাণী আমাদের জানিয়ে দেয়, এমন হতাশ মুমিনের কাজ নয়। মানুষ যত বড় ভুলই করুক, আল্লাহর কাছে ফিরে আসার পথ তার জন্য খোলা রয়েছে। তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না।

মহান আল্লাহ বলেন, ‘বলুন (আমার এ কথা), হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার ৫৩)

আয়াতটির দিকে গভীরভাবে তাকালে আল্লাহর অসীম দয়া ও ক্ষমার পরিচয় পাওয়া যায়। লক্ষ করার বিষয়, আল্লাহ পাপী মানুষকেও ‘আমার বান্দারা’ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ পাপের কারণে মানুষ ভুল পথে চলে গেলেও তার জন্য ফিরে আসার সুযোগ রয়েছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।

আল্লাহর দয়া মায়ের ভালোবাসার চেয়েও মহান। আল্লাহর অসীম দয়া সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) একটি হৃদয়স্পর্শী হাদিস বর্ণনা করেছেন। হজরত ওমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবীজি (সা.)-এর কাছে কতগুলো বন্দি আসে। বন্দিদের মধ্যে একজন স্ত্রীলোক ছিল। তার স্তন ছিল দুধে পূর্ণ। সে বন্দিদের মধ্যে কোনো শিশু পেলে তাকে কোলে তুলে নিত এবং দুধ পান করাত। নবীজি (সা.) আমাদের বললেন, তোমরা কি মনে করো এ স্ত্রীলোকটি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? আমরা বললাম, ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো ফেলবে না। তারপর তিনি বললেন, এ স্ত্রীলোকটি তার সন্তানের ওপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দার ওপর তার চেয়েও বেশি দয়ালু। (সহিহ বুখারি ৫৯৯৯)

লেখক : ধর্মীয় নিবন্ধকার