মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকারের সঙ্গে গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওতে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এক মাসের মধ্যে এটি দুপক্ষের দ্বিতীয় বৈঠক। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জেনারেলদের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চললেও এখন দেশটির সঙ্গে পুনরায় যোগাযোগ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে টোকিও বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (গোয়েন্দা ও গবেষণা) মাইকেল ভ্যান্স টোকিওর আলোচনায় নেতৃত্ব দেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি কর্মকর্তা অংশ নেন। তবে মিয়ানমারের পক্ষে কারা উপস্থিত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি মিয়ানমারের রাজধানী নেপিদোতে দুপক্ষের বৈঠক হয়। সেই আলোচনায় এক ব্যবসায়ীর মুক্তি নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে গড়ে ওঠা প্রতারণামূলক কেন্দ্রগুলো (স্ক্যাম সেন্টার) বন্ধ করার বিষয়ে গুরুত্ব পায়। তবে এসব আলোচনা মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজের মজুদসহ আরও বিস্তৃত বিষয়ে আলোচনার পথ খুলে দিতে পারে।