বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’-এ ব্যাপক সাড়া

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা ও তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের আট বিভাগের আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে এসব আবেদন পাওয়া গেছে। আগামী ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হবে। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্যোগ : উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়। কর্মসূচির প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

জেলাভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়। এ জেলায় আবেদন করেছেন ৫ হাজার ৩৫১ জন।