সীমিত আকারে পূজার ছুটিতে চলবে আমদানি-রপ্তানি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনে দেশের সব কাস্টমস হাউজ ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তবে, আখাউড়া ও ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুর্গা ও লক্ষ্মীপূজার ছুটিতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সাত দিন স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল শনিবার কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, দুর্গা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল শনিবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।