সংঘর্ষে আহত দিবু মার্তিনেজ

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দেওয়া আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ মাথার মারাত্মক আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ম্যাচ চলাকালীন স্বাগতিক ডিফেন্ডার জ্যারড ব্র্যাথওয়েটের সঙ্গে ভয়াবহ এক সংঘাতের শিকার হন মার্তিনেজ। হিল ডিকিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে এভারটনের একটি ক্রস বিপদমুক্ত করতে বক্সের বাইরে বেরিয়ে এলে ব্র্যাথওয়েটের সঙ্গে তার এ সংঘর্ষ হয়।

ঘটনার পরপরই দুই দলের দুই ফুটবলারকেই মাঠে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সহখেলোয়াড় ও স্টেডিয়ামের দর্শকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্র্যাথওয়েট কিছুক্ষণের চিকিৎসায় উঠে দাঁড়াতে সক্ষম হন এবং কনকাশন (মাথার আঘাত) সংক্রান্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খেলা চালিয়ে যান। তবে মার্তিনেজের অবস্থা ছিল বেশ আশঙ্কাজনক। চেলসি ও এভারটনের যৌথ মেডিকেল টিম মাঠে প্রায় ১০ মিনিট ধরে সতর্কতার সঙ্গে তার চিকিৎসা চালায়। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ডাগআউটের টানেল দিয়ে নিয়ে যাওয়ার সময় মার্তিনেজ হাত নাড়াচ্ছিলেন, যা ভক্তদের কিছুটা আশ্বস্ত করেছে। তবে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।