শুরুতে ধাক্কা, এরপর ব্যাট হাতে দারুণ প্রত্যাবর্তন। রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ব্যাটিং দৃঢ়তার পর বল হাতে রুবাই ইসলাম রিজনের পেসের তোপে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের যুবারা। চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন তারা।
ওমানে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। এরপর জারিফ সিয়াম ও আল আমিন হোসেনের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দল। দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন দুজন। ৫৩ বলে পাঁচটি চারে ৫০ রানে ফেরেন জারিফ। আল আমিনের ব্যাট থেকে আসে ২৬ রান। রবিউল অনিক ও অধিনায়ক ফরিদ ফয়সাল দ্রুত ফিরে গেলে ১১১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলের হাল ধরেন রাকিবুল ও মুমিন। ষষ্ঠ উইকেটে তাদের ১১৭ রানের জুটি বাংলাদেশের ইনিংসে নতুন প্রাণ ফেরায়। ৭৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন রাকিবুল। ৭০ বলে চারটি চারে ৫৪ রান করেন মুমিন। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ইমরান মোহাম্মাদি নেন ৩ উইকেট, লুতফুল্লাহ মোহাম্মাদি দুটি।
জবাব দিতে নেমে শুরুতে লড়াই করলেও বাংলাদেশের বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারান আফগান যুবারা। আবিদুল্লাহ নাদারজান ও ফরিদুল্লাহ ইহসাসের উদ্বোধনী জুটিতে আসে ৩০ রান। এরপর রুবাইয়ের আঘাতে চাপে পড়েন তারা। সুবহান জাখাইল ও নোমাব সালারজাই ২৪ ও ২৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। হাফসেঞ্চুরি করা হামজাও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৪৮ ওভার ২ বলে ২১৭ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন রুবাই। আতিকুর রহমান শিকার করেন দুটি উইকেট।