গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কারখানার হারবাল সেকশন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

গত বুধবার গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যালের ওষুধ কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। এর রেশ কাটতে না কাটতেই এবার কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন লাগল।

ড্রাগ ইন্টারন্যাল ওষুধ কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান।

কারখানার ছয়তলা ভবনের হারবাল সেকশন থেকে বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরে প্রথমে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরের দুটি ইউনিট, এবং পরে ভোগরা ও কোনাবাড়ির আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। বিকেল ৫ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার স্টোরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সুত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন পর্যন্ত এই অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন ৪-এর উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার একাধিক শ্রমিক নাম প্রকাশ না কারার শর্তে জানিয়েছেন, কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে শ্রমিকরা বের হয়ে আসেন। এ ছাড়াও কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন শ্রমিকরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্ল্যান্ট হেড মো. আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ চলছে।