হাইকোর্টের আদেশ স্থগিত

ভাসান ও বেহুন্দি জালে মাছ ধরা যাবে না

ভাসান জাল বা বেহুন্দি জাল দিয়ে মাছ ধরতে ১৫ জন নৌযান মালিককে বাধা না দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল শনিবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। চেম্বার আদালতের এ আদেশের ফলে উপকূলীয় এলাকায় নৌযানে সংযুক্ত ‘ট্রল ডোর, ডেরিক ও উইংস’র এর সহায়তায় ভাসান জাল বা বেহুন্দি জাল দিয়ে মাছ ধরা যাবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি এই সময়ে ইলিশ ধরার ওপর যে নিষেধাজ্ঞা সেটিও কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শন সনদ ও মাছ ধরার নৌযানের নিবন্ধন সনদ থাকার পরে মাছ ধরা থেকে বিরত রাখার অভিযোগ তুলে হাইকোর্টে রিট আবেদন করেন ১৫ জন পেশাদার জেলে ও সনদপ্রাপ্ত সামুদ্রিক ট্রলারমালিক। রিটে কোনো ধরনের হয়রানি ছাড়াই ট্রল ডোর, ডেরিক ও উইংসের সহায়তায় ভাসান জাল ও বেহুন্দি জাল ব্যবহার করে মাছ ধরার অনুমতির আরজি জানানো হয়। গত ৬ জুলাই হাইকোর্ট আরজি মঞ্জুর করে আদেশ দেয়। আদেশে রিট আবেদনকারীদের ক্ষেত্রে তাদের নিজস্ব এলাকায় মাছ ধরায় কোনো বাধা বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।