দুই দশকের বর্জ্যরে স্তূপে সবুজের ‘সফল রূপান্তর’

অবশেষে সরানো হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার-হেমায়েরপুর ৪ কিলোমিটার এলাকার দুই দশকের বর্জ্যরে স্তূপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের তত্ত্বাবধানে ওই এলাকার দুর্গন্ধময় দৃশ্যপট বদলে গেছে। ময়লার ভাগাড় সরিয়ে সেখানে এখন দেখা মিলেছে সবুজের নান্দনিক সমারোহ। এমন উদ্যোগে খুশি সাভার ও আমিনবাজার এলাকার জনগণ, স্থানীয় পরিবেশবাদী সংগঠন এবং মহাসড়কে চলাচলরত পথচারীরা।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে আসবেন বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এর আগে সকালে সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের আরেকটি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে ঢাকা জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, সাভারের আমিনবাজার সড়কের পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে অস্বস্তিকর পরিবেশের সৃষ্ট হয়েছিল। সেই দৃশ্যপট এখন অতীত। ময়লার ভাগাড় পরিণত হয়েছে সবুজ অরণ্যে। মহাসড়কের পাশে শোভা ছড়াচ্ছে থোকা থোকা ফুল। রোপণ করা হয়েছে সুপারি, নিম, তালসহ হরেক রকমের ফল ও ফলের গাছ। মাটির সেøাপে লাগানো হয়েছে ঘাস। এ ছাড়া জায়গাটির সুরক্ষায় নেটের প্রাচীর দেওয়া হয়েছে। রাখা হয়েছে প্রহরী। রাতের সৌন্দর্যবর্ধনে বসানো হয়েছে সোলার প্যানেল ও উইন্ড টারবাইন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গত ৭ জুলাই প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার আয়োজনে আমিনবাজার দিয়ে যাওয়ার পথে ময়লার এই ভাগাড় তার দৃষ্টিগোচর হয়। সে সময় তিনি নির্দেশ দেন স্থানটিকে একটা সুন্দর পরিবেশের রূপ দিতে। সে অনুযায়ী ময়লা অপসারণের পর বালু ভরাট করে রাস্তা চওড়া করে রোপণ করা হয়েছে নিম, সুপারি, তাল, মাধবীলতা, সিজিয়াম, ঝাউ, রঙ্গনসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ছয় হাজারের অধিক গাছ। বসানো হয়েছে তিন কিলোওয়াট উৎপাদন সক্ষমতার উইন্ডমিল ও সোলার প্যানেল। বালু যেন ধসে না যায় সে জন্য রিটেইনিং ওয়ালের ব্যবস্থা করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নিজে এসে ‘সফল রূপান্তর’ নামের এ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, রবিবার সকালে প্রধানমন্ত্রী নিজে এসে সবুজের সমারোহে একটি নিম গাছের চারা রোপণ করবেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশনা নিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।