নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকার জনবান্ধব। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো সামাজিক সুরক্ষামূলক উদ্যোগ নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এ ধরনের অপপ্রচার বিশ্বাস করবে না।
দেশে সারের সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার বিকল্প উৎস থেকে সার আমদানি করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সারের জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। সৌদি আরব থেকেও সারবাহী জাহাজ আসছে।