পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে অধ্যাপক সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি পটুয়াখালী একেএম কলেজের সাবেক অধ্যক্ষ ও দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
শনিবার (১৭ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) পরিবর্তে অধ্যাপক সাইফুল মজিদ মো. বাহাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি গভর্নিং বডির বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় সভাপতির দায়িত্ব পালন করবেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন দুমকি উপজেলার জলিশা গ্রামের সন্তান। স্থানীয়ভাবে তিনি বাহাউদ্দিন বাহার নামেও পরিচিত। তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদরাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।