সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , সকল ধর্মের মূল্যবোধ ও ধর্ম‌ কর্মের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বদ্ধপরিকর।

তিনি রবিবার (১৮ অক্টোবর) ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় শারদীয়  দুর্গা উৎসব উপলক্ষে পূজা মন্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক প্রদানকালে পৃথক পৃথক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা কেবল আর্থিক সহায়তার বিষয় নয়; এটি পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও নাগরিক অধিকারের প্রতি দায়বদ্ধতারও প্রকাশ। বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অঙ্গীকার হচ্ছে, সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণকে এ ব্যাপারে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসব অনুষ্ঠানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, হিন্দু,,বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিজন রায় ভৌমিক, সদস্য সচিব রঞ্জিত শর্মা কাঞ্চন উপস্থিত ছিলেন।