বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৮ অক্টোবর) দুদকের ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন পুতুল। তবে তদন্তে এ তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে দুদক।

কমিশনের অভিযোগ, সিভিতে ওই অভিজ্ঞতার তথ্য ব্যবহার করে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি করেন পুতুল। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ কার্যক্রম চালান বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় সিভিতে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব খাটানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নথি খোলা এবং তথ্য যাচাইয়ের সুযোগ না দিয়ে চাপ প্রয়োগের অভিযোগও আনা হয়েছে।

পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে সংশ্লিষ্ট তথ্য পাঠানো হয়। এসব তথ্যের ভিত্তিতেই পুতুল ওই পদে নিয়োগ পান বলে দাবি দুদকের।

তদন্তে আরও বলা হয়েছে, সিভিতে মিথ্যা তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পুতুল রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করা হয়। তদন্ত শেষে এবার মামলাটিতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত