মিরসরাইয়ে শত কণ্ঠে গীতাপাঠ, বিনামূল্যে চিকিৎসাসেবা

শত কণ্ঠে গীতার শ্লোক উচ্চারণে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্য তালবাড়িয়া মন্দির প্রাঙ্গণ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় আয়োজনের পাশাপাশি স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন করে মধ্য তালবাড়িয়া সার্বজনীন রক্ষা কালী ও দুর্গাপূজা উদযাপন পরিষদ।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিতভাবে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠে শ্লোক পাঠ করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গীতাপাঠের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত হয় জনকল্যাণমূলক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক মোহন দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অভি রায় ও সাধারণ সম্পাদক প্রদীপ গোস্বামী। এ ছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।