চিকিৎসাসেবা ও মেডিকেল ভ্রমণে প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) মেডিকেল ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহক, ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসংক্রান্ত ভ্রমণ সুবিধা পাবেন।

মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যোগ্য গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা ভারত, থাইল্যান্ড ও চীনে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে আনা-নেওয়া, মেডিকেল ভিসা পেতে সহায়তা, হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা, চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং নির্ধারিত হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ। প্রযোজ্য শর্ত অনুযায়ী এসব সুবিধা দেওয়া হবে।

এ অংশীদারত্বের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করা এবং ব্যাংকের মূল্য সংযোজিত গ্রাহকসেবার পরিধি বাড়ানো।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মো. জুবায়েদ উর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের কো-অর্ডিনেটর ও পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার উপস্থিত ছিলেন।

প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈকত ভদ্র, সহকারী ব্যবস্থাপক ফাতিমা তুজ জোহরা এবং নির্বাহী মোছা. সাদিয়া খাতুন।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে গ্রাহকদের উন্নত সেবা, জীবনযাত্রাসংশ্লিষ্ট বিশেষ সুবিধা ও স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মিডল্যান্ড ব্যাংক।