খাদ্য মন্ত্রণালয়ের এপিএসের পর এবার সরানো হল ব্যক্তিগত কর্মকর্তাকেও

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। এ ঘটনায় এপিএসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এবার সরিয়ে দেওয়া হলো খাদ্য প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে। তিনি নিয়মবহির্ভূতভাবে এপিএসের সফরসূচির অফিস আদেশ তৈরি করেছিলেন। গত শনিবার এক অফিস আদেশে তাকে সরিয়ে দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ক্ষেমালিকা চাকমার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে ওই দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁকে সরিয়ে দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপিএস আবদুল আওয়ালের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনের জন্য গত ৮ অক্টোবর সরকারি সফরসূচি জারি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই সূচি অনুযায়ী, ১১ অক্টোবর পরিদর্শনে যান আবদুল আওয়াল।

সফরসূচিতে ঢাকার মোহাম্মদপুরে আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়। সফরের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। এরপর তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হলো।